
সাজেদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় হাফেজ মাওলানা সাইফুল ইসলাম (৪১) হত্যা মামলার এজাহারনামীয় দুই আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাব-১২। গ্রেপ্তাররা হলেন—১নং পলাতক আসামি ইয়ার মোহাম্মদ ওরফে বিক্রম (৩২) এবং ৩নং আসামি মোছাঃ বেবী খাতুন (৫২)। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ০১ মার্চ ২০২৬ তারিখে বগুড়া সদর থানাধীন ঠনঠনিয়া এলাকায় জমির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জেরে সাইফুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী, এসময় ইয়ার মোহাম্মদ ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে গুরুতর জখম করে।
আহত অবস্থায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। তবে পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় বগুড়া সদর থানায় হত্যা মামলা (নং-০৯, তারিখ-০২/০৩/২০২৬) দায়ের করা হয়। র্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ০২ মার্চ ভোরে ধুনট থানার মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়ার মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে পৃথক আরেকটি অভিযানে বেবী খাতুনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব-১২ কর্তৃপক্ষ।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।