
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলাপ্রতিনিধি:
বান্দরবানের লামায় সরকারি মাতামুহুরী কলেজের প্রায় ২ একর জমি দখলের অভিযোগে চলমান শিক্ষার্থীদের আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে আগামী বুধবারের মধ্যে বিষয়টির কার্যকর সমাধানের আশ্বাস দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে কলেজের রেকর্ডভুক্ত দখলকৃত জমি উদ্ধার করে কলেজের অনুকূলে ফিরিয়ে দেওয়ার দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক এবং শিক্ষা মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করেন। একই সঙ্গে দাবি আদায়ে তারা ৭২ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করেছিলেন।
শিক্ষার্থীরা জানান, ঘোষিত ৭২ ঘণ্টার সময়সীমা শেষ হওয়ার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তারা আগামী বুধবারের মধ্যে সমস্যার কার্যকর সমাধানে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান।
প্রশাসনের এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা সাময়িকভাবে তাদের চলমান আন্দোলন স্থগিত করার ঘোষণা দেন। তবে তারা স্পষ্ট করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে পুনরায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, জেলা প্রশাসনের হস্তক্ষেপে সরকারি মাতামুহুরী কলেজের রেকর্ডভুক্ত জমি দ্রুত দখলমুক্ত হবে এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে কলেজ কর্তৃপক্ষের অনুকূলে বুঝিয়ে দেওয়া হবে।