
তারাগঞ্জ বাজারে মোবাইল কোর্ট: ৯ ব্যবসায়ীকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা
বুলবুল হোসেন
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের তারাগঞ্জ বাজারে নিয়মিত তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন বিধান লঙ্ঘনের অভিযোগে ৯ ব্যবসায়ীকে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে তারাগঞ্জ বাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আইনটির বিভিন্ন ধারায় ৯টি মামলা দায়ের করা হয় এবং প্রতিটি মামলায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অর্থদণ্ড দেওয়া হয়।
অর্থদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন—এমদাদুল হক, পিতা মৃত তফিল উদ্দিন; হাসান, পিতা মতিয়ার রহমান; শহিদার, পিতা হান্নান; আলামিন, পিতা গিয়াস উদ্দিন; হৃদয়, পিতা খগেন; শাহিনুর ইসলাম, পিতা আমিন; মোঃ সানজিদ, পিতা শরিফুল ইসলাম; প্রফুল্ল চন্দ্র রায়, পিতা কালা চাঁদ এবং সিদ্দিকুর রহমান, পিতা মৃত আব্দুল আজিজ।
অভিযান পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।
অভিযান প্রসঙ্গে তিনি বলেন, নিয়মিত বাজার তদারকির মাধ্যমে ভোক্তাদের অধিকার সুরক্ষিত করা এবং ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনায় উৎসাহিত করাই প্রশাসনের লক্ষ্য। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, বাজারে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় ব্যবসায়ীদের দোকানে পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে রাখার পাশাপাশি সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করে প্রচলিত আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়।