
তারাগঞ্জে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান এমপি এটিএম আজহারুল ইসলামের
বুলবুল হোসেন
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ এবং দায়িত্বশীল সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় তারাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘সাংবাদিক সমাজের দর্পণ বা আয়না। সেই আয়নায় প্রকৃত প্রতিচ্ছবি তখনই ফুটে উঠবে, যখন সংবাদে সত্য ও বাস্তবতা তুলে ধরা হবে।’
তিনি বলেন, সমাজের অনিয়ম, অসংগতি, মানুষের দুর্ভোগ এবং সম্ভাবনার বিভিন্ন দিক সাংবাদিকদের লেখনী ও প্রতিবেদনের মাধ্যমে সামনে আসে। জনগণের সঙ্গে প্রশাসন ও জনপ্রতিনিধিদের যোগাযোগের ক্ষেত্রেও সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই সংবাদ প্রকাশের ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ কিংবা কোনো পক্ষের প্রতি অনুরাগ বা বিরাগের পরিবর্তে সত্য ও বাস্তবতাকে প্রাধান্য দেওয়া প্রয়োজন।
সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাইয়ের ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, একটি সঠিক সংবাদ যেমন মানুষের সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারে, তেমনি যাচাই-বাছাই ছাড়া ভুল বা অসত্য তথ্য প্রকাশ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমাজের জন্য ক্ষতির কারণ হতে পারে। এজন্য প্রতিবেদনের তথ্য যাচাইয়ের পাশাপাশি সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য নেওয়াও জরুরি।
মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা তারাগঞ্জের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড সংবাদমাধ্যমে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরার প্রয়োজনীয়তার কথা বলেন। জনগণের বাস্তব সমস্যা প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে তুলে ধরতে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তারা।
সাংবাদিকরা বলেন, কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা প্রতিষ্ঠানের পক্ষে-বিপক্ষে নয়, জনগণের স্বার্থ এবং যাচাই করা তথ্যের ভিত্তিতেই সংবাদ প্রকাশ করা তাদের দায়িত্ব। স্থানীয় পর্যায়ে সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, বিদ্যুৎ, বাজারব্যবস্থা ও জনদুর্ভোগের বিষয়গুলো নিয়মিতভাবে তুলে ধরা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ পাবে।
সভায় তারাগঞ্জ উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সাংবাদিকরা স্থানীয় বিভিন্ন বিষয়ে নিজেদের পর্যবেক্ষণ ও মতামত তুলে ধরেন।
মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর তারাগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।