
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তসংলগ্ন এলাকায় পৃথক দুটি অভিযানে ১৪ হাজার পিস বার্মিজ ইয়াবা, একটি দেশীয় পিস্তল, একটি একনলা বন্দুক ও চার রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ এবং মোহাম্মদ নূর (২৬) নামে এক সিএনজি চালককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত ও সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) পৃথক দুটি অভিযান পরিচালনা করে এসব অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করে।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৩টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়কের নির্দেশনায় রেজুপাড়া বিওপির একটি আভিযানিক টহলদল সীমান্ত পিলার-৪১ থেকে আনুমানিক ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাতাবাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে আসামিবিহীন অবস্থায় একটি দেশীয় পিস্তল, একটি একনলা বন্দুক ও চার রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।
অপরদিকে, একই দিন সকাল সাড়ে ৮টার দিকে রেজুখাল চেকপোস্টে বিজিবির তল্লাশি দল বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বিজিবির ডগ ‘জর্জ’-এর সহায়তায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি করে। এ সময় সিএনজির বক্সে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৪ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় সিএনজি চালক মোহাম্মদ নূরকে আটক করা হয়। আটক মোহাম্মদ নূর কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী গ্রামের কালা চাঁনের ছেলে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
বিজিবি জানায়, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে আটক ব্যক্তিকে উদ্ধার করা ইয়াবা, জব্দ করা সিএনজি ও অন্যান্য মালামালসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রমও প্রক্রিয়াধীন।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক পাচার ও বিভিন্ন ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এসব অভিযানের মাধ্যমে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখছে বিজিবি।