
নাইক্ষ্যংছড়িতে আইনশৃঙ্খলা কমিটির সভা ও সর্বদলীয় মতবিনিময়: মাদক, চোরাচালান ও সীমান্ত নিরাপত্তায় সমন্বিত পদক্ষেপের ঘোষণা
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবানের সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করা, মাদক ও চোরাচালান প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের লক্ষ্যে আইনশৃঙ্খলা কমিটির সভা ও সর্বদলীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ এনামুল হাসান।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, মাদক ও চোরাচালান প্রতিরোধ, চলমান উন্নয়ন কর্মকাণ্ড, জননিরাপত্তা এবং প্রশাসন–জনপ্রতিনিধি–রাজনৈতিক দল–সাংবাদিকদের সমন্বিত ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ, জেলা বিএনপির সদস্য নুরুল আলম কোম্পানি, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা জামায়াতের প্রতিনিধিবৃন্দ, নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) মোঃ আসাদ, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, ১১ বিজিবি ও ৩৪ বিজিবি-এর প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।
সভায় বক্তারা বলেন, বর্তমানে নাইক্ষ্যংছড়ির আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।
তবে সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে প্রশাসন, পুলিশ এবং বিজিবি আরও সমন্বিতভাবে কাজ করবে। অপরাধ নির্মূলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, জনসচেতনতা এবং স্থানীয় জনগণের সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ এনামুল হাসান বলেন, “মাদক, সন্ত্রাস, চোরাচালান ও সব ধরনের অপরাধ দমনে প্রশাসন কোনো ধরনের ছাড় দেবে না।
একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নয়নবান্ধব নাইক্ষ্যংছড়ি গড়ে তুলতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকারও প্রশংসা করেন।
সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় নাইক্ষ্যংছড়িতে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।