
আলীকদমে দুর্গম চিওনী পাড়ায় শিক্ষার আলো ছড়াতে আনসার আহমদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন : ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, মানবিক উদ্যোগে প্রশংসায় ভাসছে ফাউন্ডেশন
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধিঃ
আলীকদম (বান্দরবান): পার্বত্য অঞ্চলের দুর্গম জনপদে বসবাসকারী সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার পথকে আরও সহজ ও আলোকিত করতে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে আনসার আহমদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন। “সততার কল্যাণে, মানবতার পাশে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংগঠনটি দীর্ঘদিন ধরে শিক্ষা, মানবসেবা ও সামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় ১৫ জুলাই ২০২৬ বান্দরবান জেলার আলীকদম উপজেলার ১নং সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দুর্গম চিওনী পাড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান আনসার আহমদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ, বই, খাতা, কলম, জ্যামিতি বক্সসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। নতুন শিক্ষা উপকরণ হাতে পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি।
অভিভাবকরাও এমন সময়োপযোগী উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত ও দুর্গম এলাকায় বসবাসকারী শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং ঝরে পড়া রোধে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে অব্যাহত থাকবে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান আনসার আহমদ বলেন,
“মানবতার কল্যাণে কাজ করাই আমাদের অঙ্গীকার। পাহাড়ি জনপদের কোনো শিশুই যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। প্রতিটি শিশুর হাতে শিক্ষা উপকরণ পৌঁছে দিয়ে একটি শিক্ষিত, সচেতন ও আলোকিত সমাজ গড়ে তুলতে বর্তমানের মতো ভবিষ্যতেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় অনেক পরিবারের আর্থিক সামর্থ্য সীমিত হওয়ায় সন্তানদের জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে আনসার আহমদ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের এই উদ্যোগ তাদের সন্তানদের পড়াশোনায় নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস সৃষ্টি করবে।