
মোহাম্মদ হানিফ, সহ-ব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ
ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মাস্টার পাড়া এলাকায় গভীর রাতে স্থানীয় মুদি ব্যবসায়ী মো. বাকেরের ওপর দুর্বৃত্তদের নৃশংস হামলার ঘটনা ঘটেছে। গত রবিবার রাত আনুমানিক ১২টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তাকে কুপিয়ে ও এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়। বর্তমানে তিনি চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রিকশা থেকে নামার মুহূর্তে একদল দুর্বৃত্ত তার ওপর ঝাঁপিয়ে পড়ে। হামলাকারীরা মারধরের পর তার সঙ্গে থাকা ব্যবসার প্রায় তিন লাখ টাকা এবং দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা অন্ধকারের মধ্যে পালিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরিবারের সদস্যদের ভাষ্যমতে, তিনি বর্তমানে আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন।
ভুক্তভোগীর ভাই এসআই বাবুল সওদাগর বলেন, “আমার ভাই প্রতিদিনের মতো দোকানের টাকা নিয়ে ফেরার পথে এ হামলার শিকার হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় এখনো মামলা করতে পারিনি, তবে শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” বগদাদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু হয়েছে। পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে। জড়িতদের শনাক্তে কাজ চলছে।” ঘটনার পর থেকে লেমুয়া এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকায় চুরি ও ছিনতাই বাড়ছে এবং তারা রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। এদিকে, মো. বাকেরের সুস্থতার জন্য তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার ফেনী জেলা আঞ্চলিক পরিচালক মোহাম্মদ হানিফ সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবুল কাশেমও ঘটনার নিন্দা জানিয়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।