
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি :
সেবার ব্রতে চাকরি প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা-২০২৬ এ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে বান্দরবান পার্বত্য জেলা থেকে ০৭ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া অপেক্ষমাণ তালিকায় স্থান পেয়েছেন আরও ০৩ জন প্রার্থী।
সোমবার, ১৮ মে ২০২৬ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশের মাধ্যমে এ নিয়োগ কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। সম্পূর্ণ স্বচ্ছতা, জবাবদিহিতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে পরিচালিত এ নিয়োগ প্রক্রিয়া সাধারণ মানুষের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।
ফলাফল প্রকাশ শেষে নির্বাচিত প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার।
এসময় পুলিশ সুপার বলেন, “বাংলাদেশ পুলিশে এখন নিয়োগ সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও প্রতিযোগিতার ভিত্তিতে সম্পন্ন হচ্ছে। কোনো ধরনের তদবির বা অনৈতিক প্রভাব ছাড়াই যোগ্য প্রার্থীরা নির্বাচিত হওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচিতদের সততা, নিষ্ঠা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ধারণ করে জনগণের সেবায় আত্মনিয়োগ করতে হবে।
তিনি আরও বলেন, নতুন প্রজন্মের এসব মেধাবী সদস্যদের মাধ্যমে জনবান্ধব ও আধুনিক পুলিশিং কার্যক্রম আরও গতিশীল হবে এবং বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।
পুলিশ সুপার মেধাক্রমে উত্তীর্ণ সকল প্রার্থীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন। একই সঙ্গে যারা এ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি, তাদের হতাশ না হয়ে আগামীতে আরও ভালো প্রস্তুতির মাধ্যমে পুনরায় চেষ্টা করার আহ্বান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের মাধ্যমে ভবিষ্যতে তারাও কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে সক্ষম হবেন।
বাংলাদেশ পুলিশের স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ কার্যক্রম তরুণ সমাজকে দেশসেবায় উদ্বুদ্ধ করার পাশাপাশি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসকে আরও সুদৃঢ় করছে।
এসময় বান্দরবান পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ জেলার পরিবহন মালিক সমিতি ও শ্রমিক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।