
মোঃ আমজাদ হোসেন,জেলা প্রতিনিধি, দিনাজপুর
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৮ নম্বর সাইতাড়া ইউনিয়নে অবৈধভাবে রাস্তা নির্মাণ করে জমি থেকে মাটি কেটে ইটভাটায় ব্যবহার করার দায়ে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ প্রদান করা হয়। অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চিরিরবন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ। এ সময় তিনি জানান, কৃষিজমি নষ্ট করে কিংবা পরিবেশের ক্ষতি হয়—এমন কোনো কার্যক্রমই বরদাস্ত করা হবে না।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, অবৈধভাবে মাটি কাটা, রাস্তা নির্মাণ এবং ইটভাটায় সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে বলেও জানানো হয়।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।