
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, জেলা প্রতিনিধি, বান্দরবান
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় চোরাচালান প্রবণ এলাকা হিসেবে পরিচিত জারুলিয়াছড়িতে নবনির্মিত বিজিবি বর্ডার আউট পোস্ট (বিওপি) উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ১২টায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ সীমান্ত পিলার-৪৬ থেকে প্রায় ১ দশমিক ৫ কিলোমিটার উত্তরে এবং পুরাতন জারুলিয়াছড়ি বিওপি থেকে প্রায় ২ কিলোমিটার উত্তর-পূর্বে সীমান্ত সড়কের নিকটবর্তী স্থানে নবনির্মিত জারুলিয়াছড়ি বিওপি উদ্বোধন করেন কক্সবাজার বিজিবি রিজিয়নের বিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান, এনডিসি, পিএসসি, পিএইচডি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান বলেন, সীমান্ত এলাকায় তেলসহ সব ধরনের চোরাকারবার কঠোর হস্তে দমন করতে হবে। এজন্য বিজিবির প্রতিটি সদস্যকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের সকল জনগোষ্ঠীর ন্যায্য অধিকার রক্ষায় আন্তরিক। তবে দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এ লক্ষ্য বাস্তবায়নে সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যদের আরও সতর্কতা ও দৃঢ়তার সঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, দেশের মান-মর্যাদা অটুট রাখতে বিজিবিকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার সর্বস্তরের জনগণকেও চোরাচালান প্রতিরোধে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রামু সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন, ১১ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কফিল উদ্দিন কায়েস, এফআইজির কক্সবাজারের লেফটেন্যান্ট কর্নেল মাহবুব, ১১ বিজিবি উপ-অধিনায়ক মেজর মো. আশিক ইকবালসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা। সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন জারুলিয়াছড়ি বিওপি উদ্বোধনের মাধ্যমে নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় বিজিবির মোট বিওপির সংখ্যা দাঁড়ালো ১৫টি। নতুন বিওপি স্থাপনের ফলে সীমান্তে নজরদারি বৃদ্ধি পাবে এবং চোরাচালানসহ বিভিন্ন সীমান্ত অপরাধ দমনে বিজিবির কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।