
নিজস্ব প্রতিবেদক
ভারতের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (এএমইউ) ছাত্র সংসদের ১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন নাশরা নাঈম। গত ৫ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনে ৭ হাজার ৯১ ভোট পেয়ে বিজয়ী হন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৫ হাজার ৮১৮ ভোট। ফলে ১ হাজার ২৭৩ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন নাশরা।
নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নোমান আশরাফ এবং সাধারণ সম্পাদক (অনারারি সেক্রেটারি) পদে জয় পেয়েছেন মোহাম্মদ হামদান। দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত এবারের নির্বাচনে নারী প্রার্থীদের উল্লেখযোগ্য সাফল্য দেখা গেছে। ছাত্র সংসদের মোট ১৩টি পদের মধ্যে ছয়টিতে বিজয়ী হয়েছেন নারী প্রার্থীরা। ফলে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতিতে নারীদের অংশগ্রহণ ও নেতৃত্বের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।
নাশরা নাঈমের এই বিজয় শুধু একটি নির্বাচনী সাফল্য নয়, বরং দীর্ঘদিনের প্রচলিত নেতৃত্বের ধারায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের বার্তা। ১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী ভিপি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নিজের নাম স্মরণীয় করে রাখলেন। আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার, শিক্ষা পরিবেশ ও বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নে নতুন নেতৃত্ব কী ভূমিকা রাখে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন শিক্ষার্থীরা।