
মোঃ শাহিনুল খান পলাশ, পাবনা
ঈশ্বরদী (পাবনা), মঙ্গলবার
পাবনার ঈশ্বরদীতে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের লাঠিপেটায় অন্তত ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। আহতদের মধ্যে কয়েকজন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার বেলা ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পৌর শহরের আলহাজ মোড় এলাকায় ইনস্টিটিউটের প্রধান ফটক সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের ভাষ্যমতে, অবরোধ চলাকালে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে দাবি পূরণের আশ্বাস দেন। তবে শিক্ষার্থীরা সেই আশ্বাসে সন্তুষ্ট না হয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পুলিশ সড়ক থেকে অবরোধ তুলে নিতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, পুলিশ লাঠিচার্জ করলে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। একই সঙ্গে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার এবং কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষের অপসারণ দাবি করেন আন্দোলনকারীরা। এ বিষয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, শিক্ষার্থীরা প্রায় তিন ঘণ্টা ধরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে রেখেছিলেন, ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি বোঝানোর সময় কয়েকজন শিক্ষার্থী পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়ান। পরে পুলিশ ও সেনাবাহিনী ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে যান চলাচল স্বাভাবিক করে। তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে গেছেন।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।