
মোঃ আলমগীর কবির,স্টাফ রিপোর্টার,ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ চেকপোস্ট স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের ব্যবস্থাপনায় জেলার গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ ঠাকুরগাঁও–ঢাকা মহাসড়কে এ বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। চেকপোস্টে চলাচলরত সব ধরনের যানবাহনে নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তল্লাশির অংশ হিসেবে আধুনিক স্ক্যানার মেশিন ব্যবহার করে যানবাহন পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি ড্রোনের মাধ্যমে আশপাশের এলাকা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। দায়িত্বরত বিজিবি সদস্যরা বডি ক্যামেরা ব্যবহার করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছেন, যাতে স্বচ্ছতা নিশ্চিত করা যায় এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হয়।
বিজিবি জানিয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র পরিবহন, বিস্ফোরক দ্রব্য, মাদক এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার উপ-মহাপরিচালক কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, বিজিবিএম, পিএসসি। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকা ও মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচন যেন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সাধারণ জনগণের নিরাপত্তা ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করাই আমাদের মূল উদ্দেশ্য।
চেকপোস্টে তল্লাশির সময় কয়েকজন যানচালকের সঙ্গে কথা বলা হয়। তারা বিজিবির এ উদ্যোগকে সাধুবাদ জানান। একটি পণ্যবাহী ট্রাকের চালক আব্দুল মালেক বলেন, নির্বাচনের সময় নিরাপত্তা সবচেয়ে জরুরি। রাস্তায় তল্লাশি হলে আমাদেরও নিশ্চিন্ত লাগে। স্ক্যানার ও ড্রোন ব্যবহারের মাধ্যমে বিজিবির এই উদ্যোগ খুবই কার্যকর। আমরা এই ব্যবস্থাকে সাধুবাদ জানাই। একই মত প্রকাশ করে একটি যাত্রীবাহী মাইক্রোবাসের চালক রফিকুল ইসলাম বলেন, যাত্রীরা এখন অনেক নিরাপদ বোধ করছে। আগে নির্বাচন এলেই ভয় কাজ করত। এখন বিজিবি রাস্তায় থাকায় স্বস্তি লাগছে। একটু সময় লাগলেও নিরাপত্তার জন্য এটি প্রয়োজন। বিজিবির এই উদ্যোগ প্রশংসার যোগ্য। বিজিবি সূত্র জানিয়েছে, ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত এই বিশেষ চেকপোস্ট ও নিরাপত্তা তৎপরতা অব্যাহত থাকবে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।