
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি জানান, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি এবং রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষার প্রশ্নে আপসহীন অবস্থান পুনর্ব্যক্ত করতে সিএইচটি সম্প্রীতি জোটের একটি প্রতিনিধিদল খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে ১৭ জানুয়ারি শনিবার দুপুর ১টার দিকে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে পার্বত্য চট্টগ্রামে চলমান সহিংসতা, সন্ত্রাস, চাঁদাবাজি, উসকানিমূলক তৎপরতা এবং সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে খোলামেলা ও স্পষ্ট আলোচনা অনুষ্ঠিত হয়। সিএইচটি সম্প্রীতি জোট দ্ব্যর্থহীন ভাষায় জানায়, পার্বত্য চট্টগ্রামে আইনবহির্ভূত সশস্ত্র তৎপরতা, জাতিভিত্তিক বিভাজন এবং বিচ্ছিন্নতাবাদী রাজনীতির কোনো স্থান নেই। এসব অপতৎপরতা দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলের শান্তি বিনষ্ট করছে এবং সাধারণ জনগণের জানমাল ও নিরাপত্তাকে চরম ঝুঁকির মধ্যে ফেলছে বলে জোটের পক্ষ থেকে উল্লেখ করা হয়।
এ সময় জোটের নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আরও কঠোর, দৃঢ় ও আপসহীন ভূমিকা পালনের জোরালো আহ্বান জানান, যাতে সন্ত্রাসী, চাঁদাবাজ ও উসকানিদাতাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করা যায়। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রের সার্বভৌমত্ব, সংবিধান এবং আইনের শাসন প্রতিষ্ঠার প্রশ্নে কোনো ধরনের আপস না করার সুস্পষ্ট দাবি উত্থাপন করা হয়। জবাবে পুলিশ সুপার মহোদয় জানান, খাগড়াছড়ি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন সম্পূর্ণ সতর্ক, সজাগ ও প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আইনবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে দৃঢ় আশ্বাস প্রদান করেন এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি রক্ষায় সকল সচেতন মহলের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে সিএইচটি সম্প্রীতি জোট পুনরায় জানায়, পার্বত্য চট্টগ্রামে সহিংসতা, সন্ত্রাস ও সাম্প্রদায়িক উসকানির বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে এবং শান্তি বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণের ঐক্যবদ্ধ শক্তিতে প্রতিহত করা হবে। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সিএইচটি সম্প্রীতি জোটের আহ্বায়ক ইঞ্জি. থোয়াইচিং মং চাক, মুখপাত্র পাইশিখই মারমা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দৈনিক পার্বত্যকণ্ঠ পত্রিকার সম্পাদক শাহীন আলম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. নিজাম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।