
মোঃ মাহাবুবুল আলম
বিভাগীয় ব্যুরো চীফ, ময়মনসিংহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী দলীয় ও স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি বিকেলে ফুলবাড়িয়া উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এই ইশতেহার ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম। অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে ধানের শীর্ষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী আখতারুল আলম ফারুক তার নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ইশতেহার পাঠ করেন।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব অধ্যাপক জসিম উদ্দিন এবং খেলাফত মজলিসের প্রার্থী নিজ নিজ নির্বাচনী ইশতেহার উপস্থাপন করেন। এ সময় উপস্থিত প্রার্থীরা উন্নয়ন, সুশাসন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ রক্ষাসহ এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন। তবে এ আসনের মহিলা স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আখতার সুলতানা অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন বলে জানা গেছে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।