
শামিম খান, পটুয়াখালী
দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর মুখপাত্র কাওছার মাহমুদ। ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বিমানবন্দরে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর কথা রয়েছে। এর আগে যুক্তরাজ্যের লন্ডন থেকে রওনা হয়ে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে বেলা ১১টা ১২ মিনিটে ঢাকার উদ্দেশে আবার যাত্রা শুরু করে। বিএনপি সূত্রে জানা গেছে, তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। প্রায় ১৭ বছর পর তারেক রহমানের এই দেশে ফেরার যাত্রায় তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, বিমানবন্দর থেকে তারেক রহমান লাল ও সবুজ রঙে সজ্জিত একটি বিশেষ বুলেটপ্রুফ বাসে করে এভারকেয়ার হাসপাতালে যাবেন। বাসটিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিকৃতি এবং ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সংবলিত ব্যানার রয়েছে। পথে তিনি একটি সংক্ষিপ্ত সংবর্ধনা কর্মসূচিতে অংশ নেবেন। এ উপলক্ষে বিএনপি ৩০০ ফিট সড়ক হিসেবে পরিচিত ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে তারেক রহমান দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন এবং মহান আল্লাহর দরবারে দোয়া করবেন। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখান থেকে পরে গুলশান অ্যাভিনিউয়ে মা খালেদা জিয়ার বাসভবন ফিরোজার পাশের ১৯৬ নম্বর বাসায় যাবেন। উল্লেখ্য, ২০০৭ সালে ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমান গ্রেপ্তার হন। এক বছর কারাভোগের পর ২০০৮ সালে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য স্ত্রী ও কন্যাকে সঙ্গে নিয়ে যুক্তরাজ্যের লন্ডনে যান। এরপর দীর্ঘ সময় তিনি সেখানে অবস্থান করছিলেন। এদিকে দেশের আকাশসীমায় প্রবেশের পর তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে লেখেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!’
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।