
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: মোঃ আবু সুফিয়ান বাবু
ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক বর্ণাঢ্য ও শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় শহরের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাপ্ত হয়।
দলের পক্ষ থেকে জানানো হয়, “জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বর ২০২৫ এর মধ্যে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবি আদায়ে” এই কর্মসূচি পালিত হয়।
মিছিলে ব্যানার, ফেস্টুন ও স্লোগানে অংশগ্রহণকারীরা তাদের দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও-২ আসনের সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম।
তিনি বলেন, “দেশের স্বাধীনতা, ন্যায়বিচার ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রামে জামায়াতে ইসলামী সবসময় জনগণের পাশে থাকবে।” ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান বলেন, “যতদিন পর্যন্ত ৫ দফা দাবি পূরণ না হবে, ততদিন পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে।”
৫ দফা মেনে নাও—মানতেই হবে!’ স্লোগানে মুখর শহর মিছিল চলাকালে কর্মীরা “৫ দফা মেনে নাও—মানতেই হবে!”, “আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে!” ইত্যাদি স্লোগানে পুরো শহর মুখরিত করেন।
তাদের দাবি, দেশের ন্যায়বিচার, গণতন্ত্র ও জনগণের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় সরকারের দ্রুত পদক্ষেপ গ্রহণ করা উচিত।
মিছিলে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক দলীয় কর্মী অংশগ্রহণ করেন।
পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি বলে জানায় স্থানীয় সূত্র।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।