
মোঃ রেজাউল হক রহমত,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ভাষা আন্দোলনের এক অবিস্মরণীয় নাম ভাষা সৈনিক ও কিংবদন্তি রাজনীতিবিদ অলি আহাদ। আপসহীন আদর্শ, অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান এবং ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করেই তিনি আজীবন রাজনীতি করে গেছেন। সেই আদর্শিক উত্তরাধিকার বহন করে এবার তাঁর একমাত্র সন্তান ব্যারিস্টার রুমিন ফারহানা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন। ১৯৭৩ সালের নির্বাচন ছিল মুক্তিযুদ্ধ-পরবর্তী বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন। ভাষা আন্দোলনের চেতনার প্রতিফলন ও নতুন রাষ্ট্র গঠনের স্বপ্ন নিয়ে অনুষ্ঠিত সেই নির্বাচনে অলি আহাদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন। তৎকালীন রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের একক আধিপত্যের বিপরীতে দাঁড়িয়ে আদর্শের প্রশ্নে তিনি কোনো আপস করেননি।
অলি আহাদ ১৯৪৮ সাল থেকেই ভাষা আন্দোলনের অগ্রসৈনিক হিসেবে সক্রিয় ছিলেন। ১৯৫২ সালের ঐতিহাসিক ভাষা আন্দোলনে নেতৃত্বদানকারী এই নেতা ‘পূর্ব পাকিস্তান যুবলীগ’-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর রাজনৈতিক জীবনজুড়ে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনা ছিল মূল প্রেরণা। ১৯৭৩ সালে তৎকালীন কুমিল্লা মহকুমার অন্তর্ভুক্ত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–নাসিরনগর) আসনে গাভী মার্কায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন অলি আহাদ। ওই নির্বাচনে সারাদেশে ব্যাপক অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ ওঠে। বিভিন্ন তথ্যমতে, অলি আহাদ প্রায় ৪০ হাজার ভোট পেলেও সরকারদলীয় প্রার্থীকে বিজয়ী করতে হেলিকপ্টারে করে ব্যালট পেপার এনে ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ রয়েছে। অপরদিকে, প্রয়াত তাহের উদ্দিন ঠাকুর পেয়েছিলেন আনুমানিক ২৮ হাজার ভোট।
দীর্ঘ অর্ধশতাব্দী পর সেই একই আসনে বাবার স্মৃতি ও অসমাপ্ত রাজনৈতিক লড়াইকে সামনে রেখে নির্বাচনী মাঠে নামছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এ বিষয়ে তিনি বলেন, “আমার বাবার রাজনীতি ছিল মানুষের অধিকার, ন্যায় ও সত্যের পক্ষে। আমি সেই আদর্শ নিয়েই সাধারণ মানুষের দুঃখ–বেদনা ও চাওয়া–পাওয়ার সঙ্গী হয়ে কাজ করতে চাই।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি কেবল একটি নির্বাচন নয়; বরং ইতিহাসের পুনরাবৃত্তি এবং আদর্শিক রাজনীতির ধারাবাহিকতা। ভাষা আন্দোলনের এক সাহসী সৈনিকের অসমাপ্ত সংগ্রাম নতুন প্রজন্মের হাতে কতটা নতুন গতি পায়, সেটিই এখন দেখার বিষয়।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।