
সারদায় প্রশিক্ষণে কৃতিত্বের স্বাক্ষর: ‘বেস্ট ট্রেইনি অ্যাওয়ার্ড’ পেলেন ডিএনসি বগুড়ার কর্মকর্তা জিল্লুর রহমান।
সাজেদুল ইসলাম রাসেল,স্টাফ রিপোর্টার বগুড়া,
মাদকবিরোধী অভিযানে দক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে অনুষ্ঠিত বিশেষ অস্ত্র প্রশিক্ষণ কোর্সে সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন ডিএনসি বগুড়ার কর্মকর্তা জিল্লুর রহমান। এ সাফল্যের মাধ্যমে তিনি অর্জন করেছেন মর্যাদাপূর্ণ “Best Trainee Award”।
জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক থেকে উপপরিচালক পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত ৩৫ দিনব্যাপী “Arms Training Course” এর ৪র্থ ব্যাচ-২০২৬ এ দেশের বিভিন্ন ইউনিটের মোট ৫০ জন কর্মকর্তা অংশ নেন। প্রশিক্ষণের চূড়ান্ত মূল্যায়নে সর্বোচ্চ কৃতিত্ব দেখিয়ে প্রথম স্থান অধিকার করেন জিল্লুর রহমান।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো: হাসান মারুফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসুদেব বণিক। এছাড়াও ডিএনসি ও বাংলাদেশ পুলিশ একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ চলাকালে অস্ত্র পরিচালনা, কৌশলগত অভিযান, নেতৃত্বগুণ ও পেশাগত শৃঙ্খলায় অসাধারণ দক্ষতা প্রদর্শনের ভিত্তিতে তাকে এ সম্মাননা প্রদান করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ অর্জনের প্রতিক্রিয়ায় জিল্লুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে চলমান যুদ্ধে যারা মাঠপর্যায়ে কাজ করছেন, এটি তাদের সবার অর্জন। মাদকমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের মূল লক্ষ্য।”
ডিএনসি বগুড়ার এই সাফল্যে সহকর্মী ও সংশ্লিষ্ট মহলে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।