
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, বান্দরবান জেলা প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বান্দরবানের আলীকদমে শুরু হয়েছে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় আলীকদম উপজেলা পরিষদ মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সামসুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল রানা এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ। এছাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন মিঠুন কুমার ঘোষ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন; তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা, দেশপ্রেম ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তাঁর সাহিত্য ও জীবনাদর্শ শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য নজরুলের কবিতা আবৃত্তি, সংগীত এবং তাঁর জীবন ও সাহিত্যকর্মভিত্তিক বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ের আয়োজন করা হয়েছে।
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও দর্শন সম্পর্কে আগ্রহ বাড়বে। একই সঙ্গে তাঁর সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার বার্তা নতুন প্রজন্মের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছে যাবে।