
মোঃ রেজাউল হক রহমত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে সংসদ সদস্য পদে প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা দিন দিন তীব্র হয়ে উঠছে। সর্বশেষ এ আসনে নতুন করে আরও তিনজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করায় নির্বাচনী মাঠে উত্তাপ বেড়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন—কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সায়েদুল হক সাঈদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী কমরেড মোঃ শাহিন খান।
উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক তাদের হাতে মনোনয়নপত্র তুলে দেন।
মনোনয়নপত্র সংগ্রহকালে নিজ নিজ দলের নেতাকর্মীরা উপস্থিত থেকে প্রার্থীদের উৎসাহ দেন। এ সময় নির্বাচনকেন্দ্রিক পুরো পরিবেশ ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।
এর আগে রবিবার (২১ ডিসেম্বর) বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এডভোকেট এম এ মান্নান-এর পক্ষে তার সমর্থকরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এরও আগে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস-এর পক্ষ থেকেও মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী—
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়: ২৯ ডিসেম্বর
নির্বাচনী প্রচারণা শুরু: ২২ জানুয়ারি
প্রচারণা শেষ: ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট
ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত