
আনুষ্ঠানিক যাত্রা শুরু করল অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক যমুনা বার্তা”
স্টাফ রিপোর্টার
সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের প্রত্যয় নিয়ে আজ বুধবার বিকাল ৪ ঘটিকা হইতে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের ঢাকা-বনপাড়া মহাসড়কের পাশে অবস্থিত আরিফ রাজ কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক যমুনা বার্তা”।
“দৈনিক যমুনা বার্তা”-র প্রধান কার্যালয় হাটিকুমরুল ইউনিয়নের আরিফ রাজ কমপ্লেক্সে স্থাপিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়েই সাংবাদিকতার মর্যাদা রক্ষা করতে হবে এবং গণমানুষের কথা সাহসিকতার সঙ্গে তুলে ধরতে হবে।
পত্রিকাটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সম্পাদক ও প্রকাশক কে এম নাজমুল ইসলাম, নির্বাহী সম্পাদক নজরুল ইসলাম, সহকারী সম্পাদক কে এম শামীম হাসান এবং বার্তা সম্পাদক সেলিম রেজা।
নির্বাহী সম্পাদক নজরুল ইসলাম-এর নেতৃত্ব ও উপস্থাপনায় অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান এমপি।
এছাড়াও উপস্থিত ছিলেন হাটিকুমরুল প্রেস ক্লাবের সভাপতি জাকির হোসেন, সেক্রেটারি শাহরিয়ার মোর্শেদ, চ্যানেল এস-এর মতিন সরকার, মোহনা টিভির সোহেল রানাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুধীজন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হাটিকুমরুল প্রেস ক্লাবের সভাপতি জাকির হোসেন বলেন,
“সাংবাদিকতা পেশায় ঝুঁকি থাকবে, বাধা আসবেই। তাই বলে সত্যকে কখনো গোপন করা যাবে না। সত্য প্রকাশ করাই সাংবাদিকতার প্রধান লক্ষ্য।”
পত্রিকাটির উপদেষ্টা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, প্রতিটি সাংবাদিকের মূল লক্ষ্য থাকতে হবে সত্যতা যাচাই করে সঠিক সংবাদ প্রকাশ করা। বস্তুনিষ্ঠ সংবাদই মানুষের আস্থা অর্জনের প্রধান মাধ্যম।
এ সময় সম্পাদক কে এম নাজমুল ইসলাম বলেন,
“আমাদের এই অগ্রযাত্রা যেন সকল বাধা অতিক্রম করে সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যেতে পারে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা যেন সততা ও সাহসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকতে পারি, সেটিই আমাদের প্রত্যাশা।”
অনুষ্ঠানের শেষে অতিথিরা “দৈনিক যমুনা বার্তা”-র সার্বিক সফলতা কামনা করেন এবং নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে সমাজের বাস্তব চিত্র তুলে ধরার আহ্বান জানান।