
মোঃ রেজাউল হক রহমত,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে মনোনয়ন বঞ্চিত নেতা কাজী নাজমুল হোসেন তাপসের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহের ঘটনা। দলীয় প্রাথমিক মনোনয়ন ঘোষণার পরও এই উদ্যোগকে কেন্দ্র করে নবীনগরে বিএনপির ভেতরে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) দলীয় সমর্থক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে কাজী নাজমুল হোসেন তাপসের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নবীনগর পৌরসভার সাবেক মেয়র মাইনুদ্দিন মাইনু। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সরব উপস্থিতি স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করে। মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আবু সাঈদ, নবীনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী শাহাবুদ্দিন, আবুল খায়ের, মফিজুর রহমান মুকুল, আবু তাহেরসহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে নবীনগর উপজেলায় কাজী নাজমুল হোসেন তাপস সাংগঠনিক কার্যক্রম ও জনসম্পৃক্ত রাজনীতির মাধ্যমে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। প্রাথমিকভাবে মনোনয়ন না পেলেও তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার কারণে তাকে নির্বাচনী মাঠে দেখতে চান তারা। তাদের ভাষ্য অনুযায়ী, তাপসকে ঘিরে তৃণমূল পর্যায়ে এখনো ব্যাপক আগ্রহ ও সমর্থন বিদ্যমান। মনোনয়ন ফরম সংগ্রহের সময় নেতাকর্মীরা আরও বলেন, এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজী নাজমুল হোসেন তাপসকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন তারা।
এ বিষয়ে কাজী নাজমুল হোসেন তাপস বলেন, “যেহেতু এখনো চূড়ান্ত মনোনয়ন ঘোষণা হয়নি, তাই আমি আশাবাদী দল বিষয়টি পুনর্বিবেচনা করবে।” তার ঘনিষ্ঠ সূত্র জানায়, নেতাকর্মীদের আবেগ ও প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে তিনি পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন এবং সময়মতো নিজের অবস্থান স্পষ্ট করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাহমুদুল হাসান সাংবাদিকদের বলেন, “আজই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।” উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি আসন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা ক্রমেই বাড়ছে। বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর থেকেই দলটির ভেতরে একাধিক গ্রুপ মনোনয়নের বিরোধিতা করে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে, যা আগামী দিনে এ আসনের রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।