
রাশেদুল আল কাশেম
তিতুমীর কলেজ প্রতিনিধি
সরকারি তিতুমীর কলেজের রসায়ন বিভাগের শিক্ষার্থী মোসাঃ সাদিয়া আয়াত দুই কিডনি জটিলতায় দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার জন্য প্রায় ১০ লাখ টাকা প্রয়োজন হলেও আর্থিক সংকটের কারণে এই ব্যয় বহন করা তার পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়েছে।
সাদিয়ার চিকিৎসায় সহযোগিতার জন্য ইতোমধ্যে সরকারি তিতুমীর কলেজের বিভিন্ন বিভাগ ও সংগঠনের শিক্ষার্থীরা নিজ নিজ উদ্যোগে অর্থ সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছেন। এরই ধারাবাহিকতায় বুধবার (১৬ সেপ্টেম্বর) কলেজের গণিত বিভাগের শিক্ষার্থীরা ফুল বিক্রির মাধ্যমে অর্থ সংগ্রহের উদ্যোগ নেন।
কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ কার্যক্রমে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের ফুল নিয়ে বিক্রি করেন। ফুল বিক্রির মাধ্যমে সংগৃহীত অর্থ সাদিয়া আয়াতের চিকিৎসার জন্য প্রদান করা হবে বলে জানান আয়োজকরা।
আয়োজক শিক্ষার্থীরা বলেন, “একজন সহপাঠীর চিকিৎসার প্রয়োজনে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ছোট ছোট সহযোগিতাই সাদিয়ার চিকিৎসায় বড় ভূমিকা রাখতে পারে।”
শিক্ষার্থীরা সাদিয়ার চিকিৎসায় সমাজের সামর্থ্যবান ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।