
আঃ হালিম আতিক
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কাগজপত্রবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত ১০৫টি মোটরসাইকেল আটক করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, ঘাটাইল পৌর এলাকার কলেজ মোড় চত্বর, থানা মোড়, ধলাপাড়া ইউনিয়নের শহরগোপিনপুর এবং দেউলাবাড়ী ইউনিয়নের পোড়াবাড়িসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে।
পুলিশ জানায়, চলতি মাস থেকে এ পর্যন্ত ফিটনেসবিহীন, রেজিস্ট্রেশনবিহীন, হেলমেট ছাড়া এবং ড্রাইভিং লাইসেন্সবিহীন অবস্থায় চলাচল করার দায়ে মোট ১০৫টি মোটরসাইকেল আটক করা হয়েছে। এসব ঘটনায় শতাধিক মামলা রুজু করা হয়েছে। এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকছেদুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। পুলিশের এই অভিযানে এলাকায় যানবাহন চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।