
র্যাব-১২ এর অভিযানে বগুড়ায় ৬৫ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
সাজেদুল ইসলাম স্টাফ রিপোর্টার বগুড়া :
বগুড়ায় র্যাব-১২ এর অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও দেশীয় মদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) ভোররাতে বগুড়া সদর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চকসূত্রাপুর চামড়া গুদাম এলাকার হরিজন কলোনীতে অভিযান চালানো হয়। অভিযানে শ্রী সনি বাশফোড় (৩০), শ্রী আকাশ হরিজন (২৫) এবং শ্রী পিলু হরিজন (৩০)-কে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৬৫ কেজি গাঁজা ও ৪ লিটার দেশীয় কেরু মদ উদ্ধার করা হয়। এছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত একটি স্মার্টফোন, একটি সিম কার্ড এবং নগদ ২০৫ টাকা জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে জানায় র্যাব। উদ্ধারকৃত আলামতসহ তাদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।