
আবু বক্কর ছিদ্দিক
স্টাফ রিপোর্টার, ফেনী
ফেনীর সোনাগাজী উপজেলার ৮ নং আমিরাবাদ ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুবসমাবেশের আয়োজন করেছে। ইউনিয়নের ৫ নং ও ৬ নং ওয়ার্ডে পৃথকভাবে অনুষ্ঠিত এই সমাবেশে স্থানীয় যুব সমাজের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সোনাগাজী উপজেলা জামায়াতে ইসলামের আমীর মাওলানা মোহাম্মদ মোস্তফা। তিনি বলেন, “দেশ ও জাতির ভবিষ্যৎ নির্ভর করে যুব সমাজের উপর। নৈতিকতা, সততা ও ইসলামি আদর্শে গড়ে ওঠা যুবকরাই একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে পারে।” তিনি যুবকদের মাদক, সন্ত্রাস ও অনৈতিকতা থেকে দূরে থেকে দ্বীনি আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
আমিরাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি মোহাম্মদ খুরশিদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সোনাগাজী উপজেলা জামায়াতের সেক্রেটারি এ এস এম বদরুদ্দোজা। তিনি বলেন, “বর্তমান সমাজ ব্যবস্থায় যুব সমাজ নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সংগঠিত আন্দোলনের বিকল্প নেই।”
এছাড়াও সমাবেশে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বক্তারা যুবকদের আদর্শবান, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে জামায়াতের ভূমিকা ও কর্মসূচি তুলে ধরেন। সমাবেশের সমাপ্তিতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।