
বান্দরবানে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি: জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উচ্চপর্যায়ের মতবিনিময় সভা, সভাপতিত্বে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধিঃ
সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণ এবং সমন্বিত কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে বুধবার (১৫ জুলাই ২০২৬) বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের মাননীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী, এমপি এবং সংরক্ষিত নারী আসন-৩৪-এর মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা, এমপি।
এ সময় উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেড, বান্দরবানের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি, ডেট কমান্ডার, ডিজিএফআই, বান্দরবান পার্বত্য জেলা কর্নেল কেএম সোলাইমান আল মামুন, পিএসসি, জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।
সভায় জেলার চলমান বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক অবস্থা, উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ, আশ্রয়কেন্দ্রের ব্যবস্থাপনা, ভূমিধসপ্রবণ এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণ, যোগাযোগ ব্যবস্থা সচল রাখা এবং দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, বন্যার ক্ষতি মোকাবিলায় সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগই সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। তাঁরা বন্যাদুর্গত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা দেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকারের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।