
মোঃ শাহিনুল খান পলাশ
পাবনা জেলা প্রতিনিধি
পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলায় পরিবেশ আইন লঙ্ঘন করে গড়ে ওঠা অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী পরিচালিত এই মোবাইল কোর্ট অভিযানে ৭টি ইটভাটাকে মোট ২১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রাজশাহী বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) প্রিয়াংকা দাসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ইটভাটাগুলোর বিপুল পরিমাণ কাঁচা ইট ধ্বংস করে দেওয়া হয়।
জরিমানা প্রাপ্ত ইটভাটাগুলো হলো—
মেসার্স সততা প্লাস ব্রিকস (বেড়া উপজেলা) – ৩,০০,০০০ টাকা
মেসার্স একতা ব্রিকস (বেড়া উপজেলা) – ৩,০০,০০০ টাকা
মেসার্স সততা ব্রিকস (বেড়া উপজেলা) – ৩,০০,০০০ টাকা
মেসার্স মন্ডল এন্টারপ্রাইজ (বেড়া উপজেলা) – ৪,০০,০০০ টাকা
মেসার্স এ বি এস ব্রিকস (সাঁথিয়া উপজেলা) – ৩,০০,০০০ টাকা
মেসার্স এ কে বি ব্রিকস (সাঁথিয়া উপজেলা) – ৩,০০,০০০ টাকা
মেসার্স এ এম বি ব্রিকস (সাঁথিয়া উপজেলা) – ২,৫০,০০০ টাকা
পরিবেশ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল গফুর জানান, পরিবেশ সংরক্ষণে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই বড় ধরনের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আদায়কৃত জরিমানার অর্থ ইতোমধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। অভিযান চলাকালে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র্যাব-১২, আনসার ব্যাটালিয়ন, সড়ক ও জনপথ বিভাগ, ফায়ার সার্ভিস এবং এনএসআই-এর প্রতিনিধিরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন। এছাড়াও পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আব্দুল মমিনসহ স্থানীয় সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ দূষণ রোধে এবং অবৈধ ইটভাটা বন্ধে জেলা জুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।