1. thpshopbd@gmail.com : admin :
হাসানের মোড়ে ইটভাটা সংকট - probahonewstv
September 22, 2026, 11:27 am

হাসানের মোড়ে ইটভাটা সংকট

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
  • Update Time : Thursday, February 26, 2026
  • 150 Time View
হাসানের মোড়ে ইটভাটায় বাড়ছে সংকট

দূষণ, ধুলা ও রাতের অনৈতিক কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

ফুলবাড়িয়া উপজেলার ১৩ নম্বর ভবানীপুর ইউনিয়নের হাসানের মোড়/লোহা শহর বাজার মোড়ে কয়েক বছর ধরে গড়ে ওঠা দুটি ইটভাটা এখন স্থানীয়দের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বসতবাড়ি, বাজার, লোহা শহর প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের মাঝামাঝি স্থানে ভাটাগুলোর অবস্থান হওয়ায় প্রতিনিয়ত বাড়ছে জনদুর্ভোগ। শুরুতে কয়েকজন জমির মালিক তাদের আবাদি জমি বাৎসরিক ভাড়ায় ইটভাটা স্থাপনের জন্য দেন। প্রথমে ছোট পরিসরে কার্যক্রম শুরু হলেও বর্তমানে ভাটার পরিধি বিশাল আকার ধারণ করেছে। শুষ্ক মৌসুমে ইট তৈরির জন্য বিপুল পরিমাণ মাটি সংগ্রহ করা হয়। ভাটায় মাটি আনা এবং উৎপাদিত ইট সরবরাহে ব্যবহৃত হচ্ছে অসংখ্য ট্রাক ও ড্রাম ট্রাক। স্থানীয়দের অভিযোগ, এসব যানবাহনের অনেকগুলোর সঠিক কাগজপত্র নেই, চালকদেরও নেই প্রয়োজনীয় লাইসেন্স ও প্রশিক্ষণ।

শুকনো মৌসুমে ভারী যানবাহনের ধুলায় রাস্তাঘাট ঢেকে যায়। বিদ্যালয়ের শিক্ষার্থী ও বাজারের ক্রেতা-বিক্রেতাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। আবার সামান্য বৃষ্টি হলেই ড্রাম ট্রাক থেকে পড়া মাটিতে পিচঢালা রাস্তা পিচ্ছিল হয়ে পড়ে, ফলে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটে। গ্রামের অধিকাংশ ঘরের চাল টিনের তৈরি। ভাটায় চলাচলকারী ভারী যানবাহনের কম্পন ও ধুলাবালির কারণে টিনের স্থায়িত্ব কমে গিয়ে বসতবাড়ি ঝুঁকির মুখে পড়ছে বলে অভিযোগ রয়েছে। ইট পোড়াতে জ্বালানি হিসেবে বনের কাঠ ব্যবহার করা হচ্ছে বলে স্থানীয়দের দাবি। চুল্লি থেকে নির্গত কালো ধোঁয়ায় পরিবেশ দূষিত হচ্ছে। নারিকেল, সুপারি ও অন্যান্য ফলজ গাছে ফলন কমে যাওয়ার বিষয়টিকেও দূষণের প্রভাব হিসেবে দেখছেন এলাকাবাসী।

ভাটাগুলোতে স্থানীয় শ্রমিকসহ দূর-দূরান্তের বহু শ্রমিক কাজ করছেন, ফলে কিছু কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তবে রাতের চিত্র ভিন্ন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য, রাতে ভাটায় বসে মাদকের আড্ডা ও জুয়ার আসর। অতীতে এসব অভিযোগে ফুলবাড়িয়া থানা পুলিশ কয়েকজনকে গ্রেফতারও করেছে। সম্প্রতি পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, পরিবেশ রক্ষা, শিক্ষার্থীদের নির্মল পরিবেশে পাঠদান নিশ্চিত করা এবং বাজার এলাকায় স্বাভাবিক চলাচল ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে আইনানুগভাবে ভাটা স্থানান্তরের উদ্যোগ নেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা।

See also  আলীকদমে ব্রিফিং প্যারেড

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category