
পোরশা উপজেলা প্রতিনিধি: মোহাম্মদ আকতারুজ্জামান
নওগাঁ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার জনাব অরূপ রতন সরকারের বদলিজনিত বিদায় উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ পুলিশ বিপি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম।
অনুষ্ঠানে নওগাঁ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। গান, কবিতা, আবৃত্তিসহ নানা সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত ও আনন্দঘন হয়ে ওঠে।
অনুষ্ঠানে বিশেষ সংগীত পরিবেশন করেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মনির। তার মনোমুগ্ধকর সংগীত পরিবেশনায় পুলিশ সুপারসহ উপস্থিত সবাই মুগ্ধ হন।
এ সময় সহকর্মীরা বিদায়ী সহকারী পুলিশ সুপার অরূপ রতন সরকারের সঙ্গে কর্মজীবনের বিভিন্ন স্মরণীয় ঘটনা, অভিজ্ঞতা এবং সুখ-দুঃখের মুহূর্ত স্মরণ করে আবেগঘন স্মৃতিচারণ করেন। বক্তারা তার পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা, আন্তরিকতা ও সহকর্মীদের প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাবের প্রশংসা করেন। পাশাপাশি নওগাঁ জেলা পুলিশের সঙ্গে তার কর্মময় সময়ের বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম বিদায়ী সহকারী পুলিশ সুপার অরূপ রতন সরকারের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন। তিনি নতুন কর্মস্থলে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সবশেষে বিদায়ী অতিথি অরূপ রতন সরকারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-শান্তি এবং ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়।