
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোনের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত উপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
১৮ আগস্ট শুরু হওয়া দশদিনব্যাপী এ টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচ আলীকদম উচ্চ বিদ্যালয় মাঠ ও আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। পরে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘটে।
টুর্নামেন্টে উপজেলার চারটি ইউনিয়ন থেকে চারটি পুরুষ ফুটবল দল এবং আলীকদম সদর ও চৈক্ষ্যং ইউনিয়ন থেকে দুটি নারী ফুটবল দল অংশ নেয়।
নারী বিভাগের প্রতিযোগিতায় আলীকদম সদর নারী ফুটবল দল চ্যাম্পিয়ন এবং চৈক্ষ্যং নারী ফুটবল দল রানার্সআপ হয়।
পুরুষ বিভাগের ফাইনালে আলীকদম সদর ফুটবল দল ১–০ গোলে নয়াপাড়া ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফরহাদুর রহমান, পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয়, পিএসসি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সাবেক, উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম সহ ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ, আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আলীকদম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার বলেন, খেলাধুলা একটি সুস্থ, সুন্দর ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠনের অন্যতম শক্তিশালী মাধ্যম। তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও অন্যান্য নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই।
তিনি স্থানীয় পর্যায়ে খেলাধুলার সুযোগ আরও সম্প্রসারণ এবং প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ ও পরিচর্যার মাধ্যমে জেলা ও জাতীয় পর্যায়ে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
জোন কমান্ডার বলেন, “খেলার মাঠ শুধু জয়-পরাজয়ের জায়গা নয়; এটি মানুষের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির সেতুবন্ধন তৈরি করে।
টুর্নামেন্টের বিশেষ উদ্যোগ হিসেবে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে নারী ও পুরুষ বিভাগে দুটি উপজেলা ফুটবল দল গঠন করা হবে। নির্বাচিত খেলোয়াড়দের নিয়মিত অনুশীলন ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলে পরবর্তীতে জেলা পর্যায়ের টুর্নামেন্টে আলীকদম উপজেলার প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া হবে।
সমাপনী অনুষ্ঠানে নারী ও পুরুষ বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার গ্রহণের সময় খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, স্থানীয় ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশ এবং বিভিন্ন ইউনিয়নের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।