
নিজস্ব প্রতিবেদক
কবিরপুর ও আশপাশের এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, দ্রুত পুলিশি সেবা নিশ্চিত এবং জননিরাপত্তা জোরদারের লক্ষ্যে এ পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কবিরপুর ও বুড়িরটেক এলাকায় দীর্ঘদিন ধরেই চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের ঘটনা নিয়ে উদ্বেগ ছিল।
এসব ঘটনা নিয়ে বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমেও খবর প্রকাশিত হয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর ও নির্জন সড়কগুলোতে সাধারণ মানুষের চলাচলে আতঙ্ক তৈরি হতো বলে জানান স্থানীয়রা।
এলাকায় স্থায়ীভাবে পুলিশ ফাঁড়ি স্থাপনের ফলে এখন আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
তাদের প্রত্যাশা, পুলিশ সদস্যদের নিয়মিত টহল ও দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই কমে আসবে।
স্থানীয়দের মতে, কবিরপুরে পুলিশ ফাঁড়ি স্থাপন শুধু অপরাধ দমনের ক্ষেত্রেই নয়, বরং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি কোনো অপরাধ বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দ্রুত পুলিশের সহযোগিতা পাওয়াও সহজ হবে।
পুলিশ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, নতুন পুলিশ ফাঁড়িটি কার্যকরভাবে পরিচালিত হলে কবিরপুর, বুড়িরটেক ও আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এবং অপরাধপ্রবণতা কমে আসবে।