
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম উপজেলায় বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর একটি প্রতিনিধি দল পরিদর্শন করেছে। বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের মংচিং হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিনিধি দলটি পরিদর্শনে যায়।
বিকেল ৪টায় প্রতিনিধি দলটি বিদ্যালয়ে অবস্থান করে। ঢাকায় নিযুক্ত WFP-এর দুই বিদেশি নাগরিকসহ প্রতিনিধি দলটি বান্দরবান সদর উপজেলা থেকে আলীকদমে এসে পৌঁছায়।
পরিদর্শনকালে WFP-এর সহায়তায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাউস (GRAUS)-এর আয়োজনে ‘Entrepreneurs Development Training at Beneficiary Level’ বা উপকারভোগী পর্যায়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করা হয়।
এ সময় ‘Integrated Livelihood Support and School Feeding Programme in CHT’-এর আওতায় শিশু, পাড়া কর্মী এবং পাড়াকেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিনিধি দলের সদস্যরা।
কর্মসূচির মাধ্যমে স্থানীয় পর্যায়ে খাদ্য ও পুষ্টি সহায়তার পাশাপাশি জীবিকা উন্নয়ন কার্যক্রমের বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়।
এছাড়া GRAUS-এর Livelihood Support Programme Activities প্রকল্পের আওতায় হতদরিদ্র ও অসচ্ছল পরিবারকে পরিবারপ্রতি ২০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা প্রদানের বিষয়ে স্থানীয় জনগণ ও উপকারভোগীদের মতামত গ্রহণ করা হয়।
এ উদ্যোগের বিষয়ে উপস্থিত স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।
কার্যক্রমে স্থানীয় প্রায় ৭০ থেকে ৮০ জন উপকারভোগী উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলটি স্থানীয় উপকারভোগীদের সঙ্গে সরাসরি কথা বলে কর্মসূচির বিভিন্ন দিক, সুবিধা-অসুবিধা ও প্রত্যাশার বিষয়গুলো জানতে চায়।
প্রতিনিধি দলে ছিলেন ঢাকায় নিযুক্ত WFP-এর দুই বিদেশি নাগরিক Mr. Bhai Thapa, ভুটানের নাগরিক এবং Mr. Jesse Jackson, কানাডার নাগরিক। বাংলাদেশের পক্ষে WFP-এর হেড অব ফিল্ড অফিস সুমিত্র চাকমা, ফিল্ড মনিটরিং অ্যাসিস্ট্যান্ট এসএম মাসুম খান, প্রকল্প সহযোগী হ্যাপি দেওয়ান, ঢাকা অফিসের প্রতিনিধি ইকবাল হোসেন ও মোঃ মহসিন এবং গাইড মোঃ ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।
স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের জীবিকা সহায়তা কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়িত হলে দুর্গম পাহাড়ি এলাকার হতদরিদ্র ও অসচ্ছল পরিবারগুলোর আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বাড়বে এবং তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখবে।