
নাজমুল রানা : জামালপুর
জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. পারভেজ ইসলাম (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পারভেজ ইসলাম ওই গ্রামের মো. জামাত ইসলামের ছেলে। সে চলতি বছর আইরমারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
স্বজনরা জানান, বুধবার দুপুরে স্থানীয় একটি মুদির দোকানে বিদ্যুতের কাজ করছিল পারভেজ। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এলে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারভেজের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।