
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত বিএনপির বিশাল জনসমাবেশে সরাসরি উপস্থিত হয়ে আগামীর বাংলাদেশ গড়ার রূপরেখা তুলে ধরেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। লাখো মানুষের অংশগ্রহণে আয়োজিত এই সমাবেশ পলোগ্রাউন্ডকে জনসমুদ্রে পরিণত করে। ২৫ জানুয়ারি ২০২৬, শনিবার বিকেলে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, দেশকে বাঁচাতে হলে সবার আগে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেই একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কর্মসংস্থান সৃষ্টি, শিল্প ও বাণিজ্যের বিকাশ, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতকরণসহ শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
তারেক রহমান আরও বলেন, বাংলাদেশকে একটি মানবিক, গণতান্ত্রিক ও উন্নত রাষ্ট্রে পরিণত করাই বিএনপির লক্ষ্য, যেখানে মানুষ নিরাপদে কথা বলতে পারবে, নির্বিঘ্নে ভোট দিতে পারবে এবং ন্যায্য অধিকার ভোগ করতে পারবে। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, চট্টগ্রাম বিভাগের শীর্ষ নেতারা ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতারা বলেন, চট্টগ্রামের এই বিশাল জনসমাবেশ প্রমাণ করে জনগণ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ এবং বিএনপির নেতৃত্বে দেশ পরিচালনার জন্য প্রস্তুত। সমাবেশস্থলে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। চারদিক থেকে ওঠে স্লোগান—তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে, ভোটের অধিকার চাই, গণতন্ত্র চাই। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, এই গণজাগরণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের বিজয় নিশ্চিত করবে এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন দিগন্ত উন্মোচন করবে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।