
বকশীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত
জামালপুর প্রতিনিধি : নাজমুল রানা
জামালপুরের বকশীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) সকালে উপজেলা সরকারি গণগ্রন্থাগার হলরুমে আয়োজিত এ কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলম শরিফ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জামালপুরের প্রশিক্ষণ কর্মকর্তা পিনক কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল।
দিনব্যাপী অনুষ্ঠিত এ কংগ্রেসে পরিবেশবান্ধব ও আধুনিক টেকসই কৃষি প্রযুক্তির ব্যবহার, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় স্থানীয় কৃষি উদ্যোক্তা, সফল চাষি, কৃষক প্রতিনিধি এবং কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা কৃষির আধুনিকায়ন ও প্রযুক্তিনির্ভর উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।