
মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ফেনী জেলা ছাত্রদলের উদ্যোগে ধানের শীষের প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপির সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ফেনী সদরের একটি মিলনায়তনে আয়োজিত এ সভায় ফেনী জেলা ছাত্রদল, সদর উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল এবং বিভিন্ন কলেজ ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রাণবন্ত রাজনৈতিক পরিবেশে অনুষ্ঠিত সভায় নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ফেনী সদর উপজেলা–২ নম্বর আসনের ধানের শীষের প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি বলেন, এই নির্বাচন কোনো ব্যক্তি বা দলের জন্য নয়; এটি দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বাধীনতার প্রশ্ন। দীর্ঘদিন ধরে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এবার সেই অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, ছাত্রদল সবসময় স্বৈরাচারবিরোধী আন্দোলনের অগ্রভাগে থেকে সংগ্রাম করেছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি আন্দোলনে ছাত্রদলের আত্মত্যাগ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই নির্বাচনেও ভয়ভীতি ও বাধা উপেক্ষা করে ছাত্রদলকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তিনি। ধানের শীষ প্রতীক প্রসঙ্গে অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি বলেন, ধানের শীষ এ দেশের খেটে খাওয়া মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। সাধারণ মানুষের কাছে গিয়ে সত্য তুলে ধরতে হবে। জনগণ জেগে উঠলে কোনো দমন-পীড়নই গণতন্ত্রের বিজয় ঠেকাতে পারবে না। সভায় বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রদল নেতা রাসেল পাটোয়ারী বলেন, এই মতবিনিময় সভা ছাত্রদলের জন্য দিকনির্দেশনামূলক। ধানের শীষের প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি একজন পরীক্ষিত দেশপ্রেমিক ও মুক্তিযোদ্ধা। তাঁর নেতৃত্বে ফেনীতে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই আরও বেগবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, ছাত্রদল কখনো আপসের রাজনীতি করেনি। অতীতের মতো আগামীতেও রাজপথে থেকে স্বৈরাচার মোকাবিলা করবে। জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত। সভায় উপস্থিত ছাত্রদলের অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন এবং নির্বাচনকালীন সাংগঠনিক প্রস্তুতি, ভোটকেন্দ্রভিত্তিক পরিকল্পনা ও গণসংযোগ কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভা শেষে ছাত্রদলের নেতাকর্মীরা ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। সভা শেষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।