
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবান জেলার আলীকদম উপজেলায় গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ কর্মসূচির আওতায় নিয়োজিত এলসিএস (লেবার কন্ট্রাক্টিং সোসাইটি) কর্মীদের দীর্ঘদিনের সঞ্চয়ের অর্থের চেক হস্তান্তর করা হয়েছে।
রবিবার (০৯ আগস্ট ২০২৬) সকাল ১০টা থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত আলীকদম উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), আলীকদম-এর আয়োজনে এ চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো। এছাড়াও এলজিইডির কর্মকর্তা-কর্মচারী এবং গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ কর্মসূচির আওতায় নিয়োগপ্রাপ্ত ৪৫ জন এলসিএস মহিলা শ্রমিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও মনজুর আলম এলসিএস কর্মীদের দীর্ঘদিনের সঞ্চিত অর্থের চেক হস্তান্তর করেন। এর মধ্যে ৩৯ জন কর্মী প্রত্যেকে ১,০৭,৯৪৩ টাকা এবং ৬ জন কর্মী প্রত্যেকে ১,০৮,৩০২ টাকা করে সঞ্চয়ের অর্থ গ্রহণ করেন।
সব মিলিয়ে ৪৫ জন এলসিএস মহিলা শ্রমিকের মাঝে মোট ৪৮,৫৯,৫৮৯ (আটচল্লিশ লাখ ঊনষাট হাজার পাঁচশত ঊননব্বই) টাকা সঞ্চয়ের অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এলসিএস কর্মীদের এই সঞ্চয়ের অর্থ যথাযথভাবে কাজে লাগানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা অর্জিত সঞ্চয়ের টাকা অপ্রয়োজনীয় খাতে ব্যয় না করে পারিবারিক উন্নয়ন, গৃহপালিত পশু পালন, ক্ষুদ্র ব্যবসা, কৃষিকাজ ও অন্যান্য আয়বর্ধক কর্মকাণ্ডে বিনিয়োগের পরামর্শ দেন। এতে পরিবার যেমন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, তেমনি ভবিষ্যতে আরও টেকসই জীবিকা নিশ্চিত করা সম্ভব হবে।
চেক গ্রহণের পর এলসিএসের মহিলা শ্রমিকরা দীর্ঘদিন ধরে তাদের মূল বেতন থেকে সঞ্চয় হিসেবে কেটে রাখা অর্থ একসঙ্গে ফেরত পেয়ে সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন। তারা এ উদ্যোগের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞতা জানান।
বক্তারা আরও বলেন, গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ কর্মসূচি একদিকে যেমন গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, অন্যদিকে স্থানীয় নারীদের কর্মসংস্থান সৃষ্টি, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং তাদের আর্থিক স্বাবলম্বিতা অর্জনেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।