
ডাঙ্গিরহাট স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত
বুলবুল হোসেন, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ডাঙ্গিরহাট স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান আজ ২৯ জুন দুপুর সাড়ে ১২ টায় অনুষ্ঠিত হয়েছে। আবেগঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে ছিলেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠানের সভাপতি মো. মোনাব্বর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর রেটিনা কোচিং সেন্টারের প্রতিনিধি ফাহিম তাজোয়ার, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম বলেন, “আমাদের প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখেছে। তোমরাও সেই ধারাবাহিকতা বজায় রেখে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করবে—এটাই আমাদের প্রত্যাশা। তোমাদের জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা রইল।”
অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ইংরেজি বিষয়ের প্রভাষক বুলবুল হোসেন। তিনি বলেন, “পিতা-মাতার পরেই শিক্ষকের অবস্থান। শিক্ষকদের দোয়া ও ভালোবাসা সবসময় তোমাদের সঙ্গে থাকবে। সততা, অধ্যবসায় ও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করো এবং দেশ ও জাতির সেবায় নিজেদের নিয়োজিত করো।” অনুষ্ঠানে অন্যান্য শিক্ষক ও ছাত্রছাত্রীরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে এইচএসসি পরীক্ষার্থীদের সার্বিক সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের বিদায় জানিয়ে তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।