
মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার, দিনাজপুর।
দিনাজপুরের চিরিরবন্দরে গভীর রাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইবনে রাব্বী (২৭) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে উপজেলার ৫ নম্বর আব্দুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাজীমিয়া পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই মো. আসাদুজ্জামানের নেতৃত্বে চিরিরবন্দর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ইবনে রাব্বীকে তার নিজ বসতবাড়ির শয়নকক্ষে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় আটক করে।
পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরাকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত আটক ইবনে রাব্বীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানকালে ১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ট্যাপেন্টাডল ট্যাবলেটের দুটি খোসা, দুটি গ্যাস লাইট, এক পিস ফয়েল পেপার, একটি কাঁচি, টাইলসের ভাঙা এক টুকরা, একটি মাদক সেবনের পাইপ ও দুটি সিগারেট উদ্ধার করা হয়।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুন নবী জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। চিরিরবন্দর থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।