
জাহাঙ্গীর আলম জেলা প্রধান মানিকগঞ্জ
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় প্রান্তিক ও অসহায় মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন। বিনামূল্যে চিকিৎসা, বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ পেয়ে ব্যাপক সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।
শনিবার (২৯ আগস্ট ২০২৬) উপজেলার ধানকোড়া ইউনিয়নের ধানকোড়া গিরীশ ইনস্টিটিউশনের মাঠ এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম রিতা এমপির নির্দেশনায় মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এবং মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনায় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মিজ্ আফরোজা খানম রিতা এমপি।
দিনব্যাপী আয়োজিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পে সাটুরিয়ার বিভিন্ন এলাকার প্রায় ৪ থেকে ৫ হাজার নারী, পুরুষ ও শিশু চিকিৎসাসেবা গ্রহণ করেন। সকাল থেকেই চিকিৎসা নিতে বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে ক্যাম্প প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ক্যাম্পে আগত রোগীদের বিভিন্ন রোগের চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এছাড়া রোগীদের প্রয়োজন অনুযায়ী সিবিসি, আলট্রাসনোগ্রাম, ইসিজি, ডায়াবেটিসসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রাখা হয়। ফলে প্রত্যন্ত ও প্রান্তিক এলাকার অনেক মানুষ কোনো ধরনের খরচ ছাড়াই প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ পান।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় কয়েকজন সেবাগ্রহীতা জানান, অনেক সময় অর্থের অভাবে তারা প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষা করাতে পারেন না। এমন উদ্যোগের কারণে তারা বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ, পরীক্ষা ও ওষুধ পাওয়ার সুযোগ পেয়েছেন। এজন্য তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা এমপি বলেন, “প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। এই ফ্রি মেডিকেল ক্যাম্প পর্যায়ক্রমে সাটুরিয়া উপজেলার প্রত্যেক ইউনিয়নে চলমান থাকবে। মানুষের প্রয়োজনের কথা বিবেচনা করে এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।”
আয়োজক কর্তৃপক্ষ জানায়, শুধু ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদানেই কার্যক্রম সীমাবদ্ধ থাকবে না। ক্যাম্পে চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে যাদের উন্নত চিকিৎসা বা অস্ত্রোপচারের প্রয়োজন হবে, তাদের জন্য মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন ও প্যাথলজি টেস্টে সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
এ উদ্যোগের ফলে নিম্নআয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ তুলনামূলক কম খরচে প্রয়োজনীয় উন্নত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন বলে জানান সংশ্লিষ্টরা।
ফ্রি মেডিকেল ক্যাম্পকে কেন্দ্র করে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সকাল থেকে বিকেল পর্যন্ত বিপুলসংখ্যক মানুষ চিকিৎসাসেবা নিতে ক্যাম্পে ভিড় করেন। চিকিৎসকদের পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা এবং বিনামূল্যে ওষুধ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন সেবাগ্রহীতারা।
স্থানীয়দের মতে, প্রত্যন্ত এলাকার মানুষের জন্য এ ধরনের বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিতভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এমন কার্যক্রম পরিচালিত হলে অর্থনৈতিকভাবে অসচ্ছল মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও বাড়বে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়,
মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে সাটুরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাধারণ মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হবে।