
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের আলীকদমে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, র্যালি ও পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এবং আলীকদম উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমজাদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন মিঠুন কুমার ঘোষ এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামীম রেজা।
এ সময় উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রান্তিক মৎস্যচাষী, গণমাধ্যমকর্মী এবং মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা- কর্মচারীসহ স্থানীয় লোক জন উপস্থিত ছিলেন।
মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় আবুল বশর, ময়েচিং মার্মা ও মোবাশ্বের হোসেন-কে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে প্রান্তিক মৎস্যচাষীরা মাতামুহুরী নদী, খাল ও বিভিন্ন ঝিরিতে বিষ প্রয়োগ ও বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার বন্ধের পাশাপাশি বহিরাগতদের বড় জাল দিয়ে মাছ ধরা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।
আলোচনা শেষে র্যালি অনুষ্ঠিত হয় এবং স্থানীয় জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।