
সাজেদুল ইসলাম রাসেল স্টাফ রিপোর্টার বগুড়া ।
বগুড়ায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। শুক্রবার (২ অক্টোবর) মসজিদ প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগ বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. আল মামুন হক, ইসলামিক ফাউন্ডেশন বগুড়ার উপপরিচালক শাফিউজ্জামান, বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. হামিদুল হক চৌধুরী হিরু এবং বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এইচ এম মাফতুন আহমেদ খান রুবেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, প্রশাসনিক ও ধর্মীয় ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। নতুন এই মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রকে ঘিরে ধর্মীয় শিক্ষা, ইবাদত ও ইসলামিক সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হয়েছে।