1. thpshopbd@gmail.com : admin :
দুর্গোৎসবের আমেজ তারাগঞ্জে, ৬৩ মন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি - probahonewstv
September 30, 2026, 1:50 pm

দুর্গোৎসবের আমেজ তারাগঞ্জে, ৬৩ মন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বুলবুল হোসেন, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • Update Time : Wednesday, September 30, 2026
  • 9 Time View
দুর্গোৎসবের আমেজ তারাগঞ্জে, ৬৩ মন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

দুর্গোৎসবের আমেজ তারাগঞ্জে, ৬৩ মন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বুলবুল হোসেন, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গোৎসবকে ঘিরে শুরু হয়েছে উৎসবের আমেজ। উপজেলার পাঁচটি ইউনিয়নের ৬৩টি মন্দিরে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা ঘনিয়ে আসায় প্রতিমা তৈরির কারিগরদের ব্যস্ততা বেড়েছে। দিন-রাত পরিশ্রম করে মাটি, খড় ও বাঁশ দিয়ে দুর্গা, গণেশ, কার্তিক, লক্ষ্মী ও সরস্বতীর প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তারা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা যায়, কোথাও প্রতিমা তৈরির কাজ চলছে, আবার কোথাও চলছে রং, সাজসজ্জা ও মণ্ডপ প্রস্তুতের কাজ। কারিগরদের নিপুণ হাতে ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে দেব-দেবীর প্রতিমার অবয়ব। সময় যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে তাদের কর্মব্যস্ততা।

উপজেলা সূত্রে জানা যায়, এবার আলমপুর ইউনিয়নে ৫টি, কুর্শা ইউনিয়নে ১৯টি, ইকরচালী ইউনিয়নে ১২টি, হাড়িয়ারকুঠি ইউনিয়নে ১২টি এবং সয়ার ইউনিয়নে ১৫টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, আগামী (১৬ অক্টোবর ২০২৬)ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীর ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে ২১ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী উৎসবের সমাপ্তি হবে।

তারাগঞ্জ উপজেলা দুর্গোৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পাপন দত্ত বলেন, “শারদীয় দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের দীর্ঘদিনের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যেরও অংশ। তারাগঞ্জে সব ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের যে পরিবেশ রয়েছে, তা অটুট রেখে আমরা সবাইকে সঙ্গে নিয়ে উৎসব উদযাপন করতে চাই।”
তিনি বলেন, “পূজামণ্ডপে আগত দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তা, শৃঙ্খলা এবং সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। কোনো ধরনের গুজব, অপ্রীতিকর ঘটনা বা উসকানিতে কান না দিয়ে সবাইকে সম্প্রীতি ও শান্তির পরিবেশ বজায় রাখার আহ্বান জানাই।”
পাপন দত্ত আরও বলেন, “আমরা চাই শারদীয় দুর্গোৎসব আনন্দ, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিক। হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষ পারস্পরিক সম্মান ও সহাবস্থানের মধ্য দিয়ে এই উৎসব সুন্দরভাবে সম্পন্ন করবে—এটাই আমাদের প্রত্যাশা।”

See also  শিমুলিয়ায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

স্থানীয়রা জানান, প্রতিবছরের মতো এবারও তারাগঞ্জে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি চলছে। এরই মধ্যে বিভিন্ন মন্দিরে মণ্ডপ নির্মাণ, সাজসজ্জা ও আলোকসজ্জার কাজ শুরু হয়েছে। প্রতিমা তৈরির পাশাপাশি চলছে পূজার অন্যান্য প্রস্তুতিও।
আয়োজকদের প্রত্যাশা, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় রাজনীতিবিদদের সমন্বিত উদ্যোগে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এবারের দুর্গোৎসব সম্পন্ন হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category