
পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: সৈয়দ এম এ বাসার
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবাসহ প্রদীপ বড়ুয়া (৫৫) নামে এক কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে পানছড়ি সদর ইউনিয়নের রাবার ড্রাম সংলগ্ন যাত্রী ছাউনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত প্রদীপ বড়ুয়া পানছড়ি উপজেলার নকুল মাস্টার পাড়া এলাকার মৃত প্রিয়পদ বড়ুয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রাবার ড্রাম যাত্রী ছাউনি এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে প্রদীপ বড়ুয়াকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪০ পিস নিষিদ্ধ ইয়াবা উদ্ধার করা হয়।
পানছড়ি থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত ইয়াবা বর্তমানে থানার হেফাজতে রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হবে।
পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।