
আঃ হালিম আতিক
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
পবিত্র রমজান মাসে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় রাতের আধারে ঘোড়া জবাই করে মাংস প্রস্তুতের সময় চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার ভোরে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের চরের ভিটা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটককৃতরা হলেন— ঢাকার আশুলিয়া উপজেলার জামগড়া এলাকার হাসান হাওলাদারের ছেলে মোঃ হৃদয়, একই জেলার তৈয়বপুর এলাকার মৃত ওয়াজেদ আলীর ছেলে মোঃ সুমন (২০), ধনিয়া এলাকার মৃত আবু তাহেরের ছেলে ফরহাদ এবং লালমনিরহাটের মহিষখোঁচা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে আমিনুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত দেড়টা থেকে পৌনে ৩টার মধ্যে ধোপাকান্দি ইউনিয়নের চরের ভিটা গ্রামের বাসিন্দা হাফিজুর রহমানের বসতবাড়িতে ১২টি ঘোড়া জবাইয়ের উদ্দেশ্যে একত্র করা হয়। এর মধ্যে ৮টি ঘোড়া জবাই করে মাংস প্রস্তুত করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে মাংস প্রস্তুত ও প্যাকেটজাত করার সময় চারজনকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়। এ ব্যাপারে গোপালপুর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, “ঘটনার বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। আটককৃতদের টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।”
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।