
আবু বক্কর ছিদ্দিক,স্টাফ রিপোর্টার
ফেনী সরকারি কলেজে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সদ্য পদোন্নতিপ্রাপ্ত অধ্যাপক ও সহযোগী অধ্যাপক এবং শূন্য পদে নবপদায়নপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। কলেজ প্রশাসন ও শিক্ষক পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি কলেজ ক্যাম্পাসে সৌহার্দ্যপূর্ণ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এনামুল হক খোন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ আইয়ুব। এছাড়া শিক্ষক পরিষদের সম্পাদক জহির উদ্দিনসহ কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ প্রফেসর এনামুল হক খোন্দকার সদ্য পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের পেশাগত সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষকদের মেধা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার মাধ্যমেই একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মান ও সুনাম বৃদ্ধি পায়। সদ্য পদোন্নতিপ্রাপ্ত ও নবপদায়নপ্রাপ্ত শিক্ষকবৃন্দ তাঁদের যোগ্যতা ও অভিজ্ঞতার মাধ্যমে ফেনী সরকারি কলেজের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশে শিক্ষকসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও কলেজের শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ সার্বিক উন্নয়নে শিক্ষকবৃন্দ অগ্রণী ভূমিকা রাখবেন বলে তিনি প্রত্যাশা করেন। বিশেষ অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ মোহাম্মদ আইয়ুব নবপদায়নপ্রাপ্ত শিক্ষকদের কলেজ পরিবারে স্বাগত জানিয়ে বলেন, ফেনী সরকারি কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে দায়িত্ব পালন করা যেমন গর্বের, তেমনি এটি বড় দায়িত্বের বিষয়। শিক্ষার্থীদের শিক্ষাদানে শিক্ষকরা নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করবেন—এটাই প্রত্যাশা। এ সময় কলেজ প্রশাসনের পক্ষ থেকে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ও নবপদায়নপ্রাপ্ত শিক্ষকদের আন্তরিক শুভকামনা জানানো হয় এবং শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কর্মকাণ্ডে তাঁদের সক্রিয় ও দায়িত্বশীল অংশগ্রহণ কামনা করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষকদের হাতে ফুল তুলে দিয়ে তাঁদের সম্মাননা প্রদান করা হয়। ফুলেল শুভেচ্ছা, সৌজন্য বিনিময় ও পারস্পরিক কুশল বিনিময়ের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।
প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।