
সোনারগাঁওয়ে গ্যাস লিকেজ বিস্ফোরণ দগ্ধ ১২
হীরালাল বাদশা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেরা মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ বিস্ফোরণে অন্তত ১২ জন দগ্ধ হয়েছেন। গতকাল বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- মনির হোসেন (৪৫), আল আমিন (৪০), নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শঙ্কর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) বদরুল হায়দার (৫০)।
দগ্ধদের সহকর্মীরা জানান, জেরা মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা দুপুরে নিজেদের ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন। ওই সময় ভেতরে বিকট শব্দে একটি বিস্ফোরণ হয়। এতে ক্যান্টিনে থাকা অন্তত ১২ জনের হাত, পা, মুখ-সহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। ঘটনার পর তাদেরকে উদ্ধার করে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, দুপুরে হাসপাতালে ১২ জন রোগী এসেছেন। দগ্ধদের কার কত শতাংশ পুড়ে গেছে তা দেখা হচ্ছে। পরবর্তীতে জানানো হবে।